শক্তিশালী মার্কিন ডলারের চাপে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রায় ১ শতাংশ কমেছে। বুধবার স্পট গোল্ডের দাম ০.৯৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১২২ ডলার ৭৩ সেন্টে নেমেছে। মার্কিন গোল্ড ফিউচারও ০.৯১ শতাংশ কমেছে।
বাজারে এখন মূল নজর ফেডারেল রিজার্ভের সেপ্টেম্বরের বৈঠকের কার্যবিবরণীর দিকে। সুদের হার বাড়ানোর পক্ষে নীতিনির্ধারকদের অবস্থান সম্পর্কে এতে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করছেন বিনিয়োগকারীরা।
এদিকে উচ্চ সুদের হার সাধারণত সুদবিহীন স্বর্ণের আকর্ষণ কমায়। তবে ভূরাজনৈতিক অনিশ্চয়তা, মূল্যস্ফীতি, সরকারি ঋণ এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনার কারণে দাম আরও বড় পতন থেকে কিছুটা রক্ষা পেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
অন্যদিকে লন্ডন বুলিয়ন মার্কেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা আগামী ১২ মাসে স্বর্ণের দাম প্রতি আউন্স ৫ হাজার ১৩ ডলারে উঠতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন। সেপ্টেম্বরে চীনের কেন্দ্রীয় ব্যাংকও টানা ২৩তম মাসে স্বর্ণের মজুত বাড়িয়েছে।