মধ্যপ্রাচ্যে দীর্ঘ সময় মোতায়েন থাকার পর যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো বন্দরে ফিরেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) জাহাজটি ঘাঁটিতে পৌঁছায়। সব মিলিয়ে ৩২২ দিন মোতায়েন ছিল রণতরীটি, যার মধ্যে টানা ২৬৫ দিন কোনো বন্দরে নোঙর না করে সমুদ্রে কাটিয়েছেন নাবিকেরা।
সাধারণত মার্কিন রণতরীর মোতায়েনকাল ছয় থেকে সাত মাস হলেও ইরান যুদ্ধ শুরুর পর আব্রাহাম লিংকনের দায়িত্বের মেয়াদ বাড়ানো হয়। পরে ইউএসএস জর্জ ওয়াশিংটন দায়িত্বভার গ্রহণ করলে জাহাজটি দেশে ফেরার যাত্রা শুরু করে।
দীর্ঘ সময় সমুদ্রে থাকার কারণে জাহাজের রসদ, পানির মান ও নাবিকদের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। মার্কিন নৌবাহিনীর এক কর্মকর্তার চিঠি অনুযায়ী, মোতায়েনের সময় আটজন ক্রু আত্মহত্যার চেষ্টা করেছিলেন। দেশে ফেরার পর বন্দরে নাবিকদের স্বজনেরা উষ্ণ অভ্যর্থনা জানান। নৌবাহিনী জানিয়েছে, বিমান উইংয়ের সদস্যসহ ১২২ জন নাবিক প্রথমবারের মতো তাঁদের নবজাতক সন্তানদের দেখতে পেয়েছেন।
সূত্র: স্কাই নিউজ