বাবাকে হারানোর শোক নিয়েই গানে ফিরলেন সালমা

গত ১৬ সেপ্টেম্বর বাবা ফজলুল হককে হারানোর পর শোকের মধ্যেই আবার গানে ফিরেছেন সংগীতশিল্পী সালমা। সম্প্রতি কক্সবাজারের একটি কনসার্টে অংশ নেওয়ার পাশাপাশি নতুন একটি গানেও কণ্ঠ দিয়েছেন তিনি।

মঙ্গলবার পিয়াল হাসানের সঙ্গে দ্বৈত গানটিতে কণ্ঠ দেন সালমা। গানটির কথা লিখেছেন সালাউদ্দিন সাগর এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন শাহরিয়ার রাফাত।

সালমা জানান, বাবার অসুস্থতার সময় থেকে দেড় মাসেরও বেশি সময় তিনি স্টেজ ও গান থেকে দূরে ছিলেন। বাবাকে হারানোর কষ্ট নিয়েই আবার কাজে ফিরেছেন তিনি। তার বাবা সবসময় চাইতেন, মেয়ে যেন গানের সঙ্গে যুক্ত থাকেন।

পিয়াল হাসান জানান, ফোক ধারার গানে সালমার জনপ্রিয়তাকে সামনে রেখে নতুন গানটি তৈরি করা হয়েছে। শিগগিরই গানটি পিয়াল হাসান অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।

Translate