বরিশাল নগরীর একটি ভাড়া বাসা থেকে সাবেক এক স্কুল শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ অক্টোবর) দিবগত রাত সাড়ে ৪টার দিকে নগরীর ভাটিখানা রোকেয়া আজিম সড়কের খালপাড় এলাকার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আমেনা খানম (৬৫) বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা ও সেখানকার একটি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। কাউনিয়ায় তিনি বাসা ভাড়া নিয়ে একাই থাকতেন। তার ছেলে রিফাত ঢাকায় একটি বেসরকারি ব্যাংকে কর্মরত।
বাড়ির মালিক রিনা বেগম বলেন, এক বছর আগে আমেনা খানম তার বাসার দ্বিতীয় তলা ভাড়া নেন। তিনি ওই বাসায় একা থাকতেন। হঠাৎ করে বুধবার রাতে পাশের ভাড়াটিয়া রুম থেকে দুর্গন্ধ বের হলে আমেনা খানমের ছেলে রিফাতকে জানান। পরে বিষয়টি পুলিশকে জানালে ভোরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার বলেন, ছেলের কাছ থেকে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসার দরজা তালাবদ্ধ দেখতে পায়। তালা খুলে ভেতরে প্রবেশ করে পুলিশ দেখে, আমেনা খানমের মরদেহ খাটের উপরে এবং কাপড় দিয়ে হাত-পা বাঁধা।
তিনি আরও বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।