প্রেমিকার প্রকাশ করা ভিডিওর সূত্র ধরে ট্রাফিক আইন ভঙ্গের ঘটনায় আর্জেন্টাইন ফুটবলার মাউরো ইকার্দির গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। প্রতীকীভাবে নিষেধাজ্ঞার মেয়াদ ২০৯৯ সালের ১ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’-এর প্রতিবেদন অনুযায়ী, ইকার্দির সঙ্গী লা চিনা সুয়ারেজ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে তাঁকে সিটবেল্ট ছাড়া চলন্ত গাড়ির জানালা দিয়ে শরীরের বড় অংশ বাইরে বের করে থাকতে দেখা যায়। গাড়িটি চালাচ্ছিলেন ইকার্দি। পরে জানা যায়, সে সময় তাঁর ড্রাইভিং লাইসেন্সের মেয়াদও শেষ হয়ে গিয়েছিল।
বুয়েন্স আয়ার্সের পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের আইন লঙ্ঘনের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স প্রত্যাহার করা বাধ্যতামূলক। নতুন লাইসেন্স পেতে ইকার্দিকে নির্ধারিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
তবে ২০৯৯ সাল পর্যন্ত নিষেধাজ্ঞাটি আক্ষরিক অর্থে ৭৩ বছরের নয়; এটি আইনি প্রক্রিয়ায় ব্যবহৃত একটি প্রতীকী সময়সীমা।
এদিকে, গালাতাসারাইয়ের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর এখনো নতুন কোনো ক্লাবে যোগ দেননি ৩৩ বছর বয়সী ইকার্দি। কাতার, মেক্সিকো ও আর্জেন্টিনার কয়েকটি ক্লাবের সঙ্গে তাঁর নাম জড়ালেও নতুন ঠিকানা এখনো নিশ্চিত হয়নি।