প্রাথমিকের প্রধান শিক্ষকের শূন্য পদ দ্রুত পূরণের সুপারিশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকের সব শূন্য পদ দ্রুত পূরণের সুপারিশ করেছে জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে প্রাথমিক শিক্ষায় নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করারও তাগিদ দেওয়া হয়েছে।

বুধবার জাতীয় সংসদ ভবনে কমিটির প্রথম বৈঠকে স্কুল ফিডিং কর্মসূচির খাবারের গুণগত মান ও পুষ্টি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। নিম্নমানের খাবার সরবরাহ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

এ ছাড়া দেশের প্রতিটি শিশুর প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করতে নতুন বিদ্যালয়ের সংখ্যা বাড়ানো, শিক্ষা খাতে বরাদ্দের অর্থ স্বচ্ছতার সঙ্গে ব্যয় এবং মাঠপর্যায়ে বিদ্যালয় পরিদর্শনের সুপারিশ করা হয়েছে।

Translate