পাইলটদের হাতাহাতিতে সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের।

 

ইসরায়েলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানের দুই পাইলটের মধ্যে শারীরিক সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ করেছে বিমানটি। বুধবার ফ্লাইটটি দুবাই থেকে তেল আবিব যাচ্ছিল।

ফ্লাইট এফজেড১০৭৩ জর্ডানের আকাশসীমায় পৌঁছানোর পর প্রথমে সাধারণ জরুরি সংকেত পাঠায়। কয়েক মিনিট পর সম্ভাব্য ‘অবৈধ হস্তক্ষেপ’-এর ইঙ্গিত দিয়ে দ্বিতীয় সংকেত পাঠানো হয়। পরে বিমানটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

ইসরায়েলি এক কর্মকর্তা জানিয়েছেন, দুই পাইলটের মধ্যে শারীরিক সংঘর্ষের পর জরুরি সংকেত পাঠানো হয়। ফ্লাইদুবাই জানিয়েছে, বিমানে একটি ঘটনা ঘটার পর এটি তাবুকে অবতরণ করে এবং সব যাত্রী নিরাপদে আছেন।

বিমানে প্রায় ১৫০ জন ইসরায়েলি যাত্রী ছিলেন বলে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে। তবে বিমানের ভেতরে ছুরি ব্যবহারের মতো কিছু দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। যাত্রীদের দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়।

Translate