অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি সম্প্রসারণ এবং ফিলিস্তিনিদের ওপর সহিংসতায় জড়িত থাকার অভিযোগে নাচালার নেতা ড্যানিয়েলা ওয়েইস ও নির্মাতা এলিয়াভ লিবিসহ তিন ইসরায়েলি ব্যক্তি এবং চারটি সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া। বুধবার (১৮ নভেম্বর) দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং জানান, অর্থ সংগ্রহ, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং সহিংস বসতি স্থাপনকারীদের সহায়তার মাধ্যমে এসব ব্যক্তি ও সংগঠন দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে নষ্ট করছে—যার মধ্যে পশ্চিম তীরকে বিভক্ত করার ঝুঁকিপূর্ণ ‘ই১’ প্রকল্প এবং সম্প্রতি জেরিকো শহরে ৭২ বছর বয়সী এক ফিলিস্তিনি বৃদ্ধাকে গুলি করে হত্যার মতো ঘটনাও রয়েছে। যুক্তরাজ্যের আটটি ইসরায়েলি নির্মাণপ্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞার পরপরই আসা অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তের ফলে দেশটির কোনো নাগরিক বা ব্যবসাপ্রতিষ্ঠান তালিকাভুক্তদের সঙ্গে বাণিজ্য করতে বা কোনো ধরনের সহায়তা দিতে পারবে না।