ধর্ম নয়, নাগরিক পরিচয়ের ভিত্তিতে সবার অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে ঢাকা-১৭ আসনের হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আটটি মন্দিরের প্রতিনিধিরা তাঁকে পূজার আমন্ত্রণ জানান। এ সময় নেতারা পূজার ছুটি ও অনুদান বাড়ানোর জন্য সরকারকে ধন্যবাদ জানান এবং সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখার কথা বলেন।
গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান
স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সরাইয়ের নেতৃত্বে প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, জ্বালানি নিরাপত্তা, কারিগরি শিক্ষা, কৃষি, খাদ্য নিরাপত্তা, জলবায়ু অর্থায়ন ও দারিদ্র্য বিমোচন নিয়ে আলোচনা হয়। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।