দুর্গাপূজা শুধু উৎসব নয়, বাঙালির শিকড় ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ বলে জানিয়েছেন টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ছোটবেলা থেকেই পূজার প্রতি তার আবেগ একই রকম রয়েছে বলেও জানান তিনি।
পূজার সাজে ঋতুপর্ণার পছন্দ ট্র্যাডিশনাল ও এলিগেন্ট লুক। বড় টিপ, কাজল এবং লাল-সাদা বা হালকা রঙের সুতি শাড়িতেই তিনি বাঙালিয়ানার সৌন্দর্য খুঁজে পান।
অভিনেত্রী জানান, পূজার সময়ে আলাদা করে কেনাকাটার সময় খুব একটা পান না। তবে সারা বছরই শাড়ি সংগ্রহ করেন। অনেকের ভালোবাসায় পাওয়া বিশেষভাবে ডিজাইন করা শাড়িগুলোর সঙ্গে তার আলাদা আবেগ ও স্মৃতি জড়িয়ে আছে।
মায়ের মৃত্যুর পর পূজায় উপহার পাওয়ার অনুভূতিও বদলে গেছে বলে জানান ঋতুপর্ণা। এখন কারও ভালোবাসায় দেওয়া উপহারের মধ্যে তিনি মায়ের স্নেহের ছোঁয়া খুঁজে পান। পূজার চার দিন কোনো রুটিন না মেনে আড্ডা, আনন্দ, ভালোবাসা ও মায়ের আরাধনায় কাটাতে চান তিনি।