দুর্গাপূজায় ৩ হাজার ৪০০ কোস্ট গার্ড সদস্য মোতায়েন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে ৩ হাজার ৪০০ সদস্য মোতায়েন করবে বাংলাদেশ কোস্ট গার্ড। আগামী ১৬ অক্টোবর থেকে প্রতিমা বিসর্জনের দিন পর্যন্ত সংস্থাটির দায়িত্বপূর্ণ এলাকার ৬১৫টি মন্দির ও পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করা হবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। নিরাপত্তার পাশাপাশি সম্ভাব্য নাশকতা, গুজব ও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় টহল এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে।

প্রতিমা বিসর্জনের সময় নৌপথে দুর্ঘটনা এড়াতে বিশেষ ডুবুরি দল প্রস্তুত থাকবে। অতিরিক্ত যাত্রী বহন বন্ধ, লাইফ জ্যাকেট ব্যবহার ও জনসচেতনতা বাড়ানোর উদ্যোগও নেওয়া হবে। জরুরি প্রয়োজনে কোস্ট গার্ডের সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

Translate