শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নৌপথে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ১৬টি নির্দেশনা দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। গত ৮ অক্টোবর জারি করা বিজ্ঞপ্তিতে ফিটনেসবিহীন নৌযান চলাচল বন্ধ, রাতে স্পিডবোট চলাচলে নিষেধাজ্ঞা, অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধ এবং উদ্ধারকারী জাহাজ প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় নির্ধারিত টার্মিনাল ব্যবহার করে যাত্রী ওঠানামা, নৌযানে ভাড়ার তালিকা প্রদর্শন, লাইফ জ্যাকেট নিশ্চিত করা এবং আবহাওয়ার সতর্কবার্তা মেনে চলার কথা বলা হয়েছে। পাশাপাশি নদীবন্দরে অগ্নিনির্বাপণ ব্যবস্থা জোরদার, অবৈধ পার্কিং বন্ধ এবং ফেরিঘাটে যানবাহনের সারিবদ্ধ চলাচল নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয়েছে।
নারী, শিশু ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য পানি, স্যানিটেশন, নিরাপত্তা ও বিশ্রামের ব্যবস্থা উন্নত করার পাশাপাশি লঞ্চে জরুরি যোগাযোগের নম্বর প্রদর্শন করতে বলা হয়েছে। নম্বরগুলো হলো জাতীয় জরুরি সেবা ৯৯৯, ফায়ার সার্ভিস ১০২, বিআইডব্লিউটিএর যাত্রীসেবা ১৬১১৩ এবং কোস্ট গার্ড ১৬১১১।