রবিবার ৩রা মে, ২০২৬

দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে রুশ পাসপোর্ট বিতরণ শেষ : পুতিন

রাশিয়া দখলকৃত ইউক্রেনীয় এলাকায় বসবাসরত নাগরিকদের জন্য পাসপোর্ট বিতরণ কার্যক্রম শেষ করেছে বলে মস্কো বুধবার জানিয়েছে। অন্যদিকে ইউক্রেন এ প্রক্রিয়াকে অবৈধ বলে নিন্দা জানিয়েছে এবং এটিকে ওই অঞ্চল থেকে ইউক্রেনীয় পরিচয় মুছে ফেলার চেষ্টা হিসেবে অভিহিত করেছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার আক্রমণ শুরুর পর থেকে মস্কো দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলের বাসিন্দাদের রুশ নাগরিকত্ব গ্রহণে চাপ দিয়ে আসছে। যারা রুশ পাসপোর্ট নিতে অস্বীকৃতি জানিয়েছে, তারা চলাচলে বিধি-নিষেধের মুখে পড়েছে এবং রুশ নিয়ন্ত্রিত প্রশাসনের অধীনে স্বাস্থ্যসেবা, শিক্ষাসহ বিভিন্ন জনসেবা পেতে সমস্যার সম্মুখীন হয়েছে।

যারা রুশ পাসপোর্ট নেয়নি, তাদের বিদেশি নাগরিক হিসেবেও চিহ্নিত করা হচ্ছে।

 

মস্কোতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে এদিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘গত বছর লুহানস্ক ও দোনেৎস্ক প্রজাতন্ত্রের পাশাপাশি খেরসন ও জাপোরিঝঝিয়া অঞ্চলের মুক্ত করা এলাকাগুলোর বাসিন্দাদের পাসপোর্ট প্রদান কার্যক্রম প্রায় সম্পূর্ণ হয়েছে।’

রাশিয়া ২০২২ সালে এই চারটি অঞ্চল আনুষ্ঠানিকভাবে সংযুক্ত করার দাবি করেছিল, যদিও সেখানে তাদের পূর্ণ নিয়ন্ত্রণ নেই। রুশ স্বরাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির কোলোকোল্টসেভ জানিয়েছেন, এখন পর্যন্ত মোট ৩৫ লাখ রুশ পাসপোর্ট বিতরণ করা হয়েছে।

এমনকি রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের আগেও মস্কো সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে থাকা দোনেৎস্ক ও লুহানস্কের কিছু অংশে সহজভাবে রুশ নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া চালু ছিল।

কিয়েভ এ প্রক্রিয়াকে ‘অবৈধ’ ও ‘ইউক্রেনের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন’ বলে অভিহিত করেছে। এ ছাড়া বিষয়টি পশ্চিমা সরকার ও মানবাধিকার সংস্থাগুলোর পক্ষ থেকেও তীব্র সমালোচনার মুখে পড়েছে।

সূত্র : এএফপি

Translate