দক্ষ মানবসম্পদ গড়তে ভাষা ও কারিগরি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান

ভাষাদক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়ে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য অর্জনে দক্ষতা উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে।

শনিবার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে চতুর্থ ইন্টারন্যাশনাল ল্যাংগুয়েজ লিগের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ভাষাশিক্ষাকে শুধু পরীক্ষায় ভালো ফলের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনের যোগাযোগ, জ্ঞান বিনিময় ও পেশাগত দক্ষতা অর্জনের মাধ্যম হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, মাতৃভাষায় বিজ্ঞান ও প্রযুক্তির জ্ঞানচর্চা সম্প্রসারণের পাশাপাশি ইংরেজি ও চীনা ভাষাসহ আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ ভাষায় দক্ষতা বাড়াতে হবে। এ ক্ষেত্রে তরুণদের দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক যোগাযোগে সক্ষমতা বাড়াতে বিশ্ববিদ্যালয়গুলোকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য বেনজীর আহমেদ এবং বাংলাদেশে চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলরসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

Translate