ককরোচ জনতা পার্টির আন্দোলনে শাবানা-নাসিরসহ যেসব তারকার সমর্থন

ভারতের তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) আন্দোলনে সংহতি জানিয়েছেন বলিউডের একাধিক তারকা। শনিবার (১০ অক্টোবর) দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষাসহ বিভিন্ন দাবিতে তাঁদের আন্দোলনে কেউ সরাসরি অংশ নিয়েছেন, আবার কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থন জানিয়েছেন।

গত ২ অক্টোবর মুম্বাইয়ের শিবাজি পার্কে সিজেপির সমাবেশে যোগ দেন অভিনেত্রী শাবানা আজমি ও অভিনেতা নাসিরউদ্দিন শাহ। সেখানে নির্মাতা বিশাল ভরদ্বাজ, সংগীতশিল্পী বিশাল দাদলানি ও অভিনেতা অতুল কুলকার্নিও উপস্থিত ছিলেন বলে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

গত ৮ অক্টোবর বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে সিজেপির বিক্ষোভে অংশ নেন অভিনেতা প্রকাশ রাজ ও ইউটিউবার ধ্রুব রাঠি। বিক্ষোভে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়ে প্রতিবাদ জানানো হয়।

এ ছাড়া দিয়া মির্জা, কঙ্কনা সেনশর্মা, রিচা চাড্ডা, টুইঙ্কল খান্না, জোয়া আখতার, শিবানী আখতার, তারা শর্মা সালুজা ও সাবা পাতৌদিও সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন। এর আগে শিক্ষার্থীদের আন্দোলনেও রিতেশ দেশমুখ, জেনেলিয়া দেশমুখ, ভূমি পেড়নেকর ও নন্দিতা দাস সংহতি জানিয়েছিলেন।

Translate