যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ দেশটির কয়েকজন শীর্ষ রাজনীতিককে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে আসিফ মার্চেন্টকে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন নিউইয়র্কের ব্রুকলিনের ফেডারেল আদালত। মঙ্গলবার বিচারক এরিক আর. কোমিটি এ রায় ঘোষণা করেন।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের তথ্য অনুযায়ী, ৪৮ বছর বয়সী মার্চেন্ট ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। ২০২০ সালে আইআরজিসির শীর্ষ কমান্ডার কাসেম সোলাইমানি নিহত হওয়ার প্রতিশোধ নিতে ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল বলে মার্কিন প্রসিকিউটরদের অভিযোগ।
ষড়যন্ত্রের সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় ট্রাম্প ছাড়াও তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন এবং জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালির নাম ছিল। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে এসে মার্চেন্ট হত্যার পরিকল্পনা বাস্তবায়নে লোক নিয়োগের চেষ্টা করেন। তবে তার সঙ্গে যোগাযোগ করা এক ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানালে তিনি গোপন তথ্যদাতা হিসেবে কাজ করেন। পরে মার্চেন্ট যাদের ভাড়াটে খুনি মনে করেছিলেন, তারা আসলে ছদ্মবেশী মার্কিন আইন প্রয়োগকারী কর্মকর্তা ছিলেন।
প্রসিকিউটরদের দাবি, মার্চেন্ট হত্যার পরিকল্পনার অগ্রিম হিসেবে ৫ হাজার ডলার দিয়েছিলেন। ২০২৪ সালের ১২ জুলাই টেক্সাসের রিচমন্ডে যুক্তরাষ্ট্র ছাড়ার প্রস্তুতিকালে তাকে গ্রেপ্তার করা হয়।
আদালতে মার্চেন্ট আইআরজিসির সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করলেও দাবি করেন, ইরানে থাকা পরিবারের নিরাপত্তার হুমকির কারণে তিনি বাধ্য হয়ে ষড়যন্ত্রে জড়িয়েছিলেন। তবে প্রসিকিউটররা তার এই দাবি প্রত্যাখ্যান করে বলেন, যুক্তরাষ্ট্র ও ট্রাম্পবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে তার আগ্রহ পরিকল্পনাটি বাস্তবায়নের উদ্দেশ্যকে নির্দেশ করে।
রায় ঘোষণার সময় বিচারক পরিবারের নিরাপত্তা নিয়ে মার্চেন্টের উদ্বেগ বিবেচনায় নিলেও যুক্তরাষ্ট্রের ক্ষতি করার ব্যাপারে তার দৃঢ় আগ্রহ ছিল বলে মন্তব্য করেন।