রাজশাহীতে গ্রামীণ ব্যাংকের তিন কার্যালয়ে পেট্রল বোমা হামলা।

রাজশাহীতে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয় লক্ষ্য করে পরপর তিনটি পেট্রল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে নগরের বনলতা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। এতে কার্যালয়ের বারান্দায় আগুন ধরে গেলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

গ্রামীণ ব্যাংকের ওই ভবনে জোনাল অফিস, জোনাল অডিট অফিস ও বিভাগীয় প্রধানের কার্যালয় রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হেলমেট পরা দুই যুবক মোটরসাইকেলে এসে কার্যালয় লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপ করেন। এ সময় তাঁদের সঙ্গে থাকা আরও দুজন ভিডিও ধারণ করেন। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় এখনো মামলা হয়নি, তবে পুলিশের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

Translate