জেলা শহরে স্কুলবাস চালুর উদ্যোগ, ব্যয় ১ হাজার ৬৭৪ কোটি টাকা

শিক্ষার্থীদের নিরাপদ ও সাশ্রয়ী যাতায়াত নিশ্চিত করতে বড় জেলা শহরগুলোতে স্কুলবাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য ১ হাজার ৬৭৪ কোটি টাকার একটি প্রকল্পের প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

প্রথম পর্যায়ে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, ময়মনসিংহ ও বগুড়াসহ ১৩ সিটি করপোরেশন এলাকায় এ সেবা চালুর পরিকল্পনা রয়েছে। ইলেকট্রিক বাসের পাশাপাশি জিপিএস, স্মার্টকার্ড ও নির্ধারিত রুট-সময়সূচি ব্যবহারের পরিকল্পনাও রয়েছে।

প্রকল্পের আগে ৩৩ কোটি টাকা ব্যয়ে সম্ভাব্যতা যাচাই করা হবে। এতে শিক্ষার্থীদের যাতায়াতের চাহিদা, রুট, যানজট, ব্যয় ও নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হবে।

এর আগে ঢাকায় বিআরটিসির স্কুলবাস চালুর উদ্যোগ ব্যর্থ হয়েছিল। তাই নতুন প্রকল্প বাস্তবায়নের আগে পর্যাপ্ত গবেষণা ও বাস্তবসম্মত পরিকল্পনার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।

Translate