বুধবার ৩রা জুন, ২০২৬

ক্যাডেট কলেজ ক্লাব চিটাগং লিমিটেডের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ক্যাডেট কলেজ ক্লাব চিটাগং লিমিটেডের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
গতকাল রবিবার (১০ মে) রাতে নগরীর আগ্রাবাদ ডেবারপাড়স্থ ক্যাডেট কলেজ ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। অনুষ্ঠানে ক্লাবের সদস্য, সাবেক ক্যাডেট, বিভিন্ন সামরিক ও বেসামরিক ব্যক্তিত্বসহ অতিথিরা অংশ নেন।

ক্লাবের সদস্য আবু হাসানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শুরুতে ক্যাডেট কলেজ ক্লাব চিটাগং লিমিটেডের সাবেক সদস্য দৈনিক পূর্বকোণের প্রাক্তন সম্পাদক স্থপতি তসলিমউদ্দিন চৌধুরীসহ প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

স্বাগত বক্তব্যে ক্লাবের সভাপতি স্থপতি সোহাইল মোহাম্মদ শাকুর বলেন, এই ক্লাব প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনাদের অনেকের অক্লান্ত পরিশ্রম রয়েছে। ক্লাবের পরিবেশ উন্নত এবং আরও প্রাণবন্ত করতে বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছি আমরা। আমাদের ক্লাবের সদস্যরা বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখছেন। আমরা তাদের কাজের স্বীকৃতি হিসেবে সম্মাননা জানাতে চাই। নৈতিক মূল্যবোধ বজায় রেখে এই ক্লাবকে একটি আদর্শ সামাজিক প্রতিষ্ঠানে রূপান্তর করার লক্ষ্যে সকলের স্বতঃস্ফূর্ত সহযোগিতা কামনা করছি। এরপর ক্লাবের বিভিন্ন কার্যক্রমের উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাবের প্রাক্তন সভাপতি এম সাইফুল ইসলাম, মেজর জেনারেল (অব.) জাহাঙ্গীর কবির তালুকদার, ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার এবিএম ইফতেখার আলম সিদ্দিকী।
অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় দৈনিক পূর্বকোণ সম্পাদক ডা. ম. রমিজউদ্দিন চৌধুরী, প্রফেসর ড. শাহাদাত হোসেন, নাছের শাহরিয়ার জাহিদী ও ফৌজদারহাট ক্যাডেট কলেজকে সম্মাননা প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বলেন, চট্টগ্রাম আমাদের সবার জন্য একটি আবেগের জায়গা। আমাদের অনেকের জীবন গঠনের পেছনে চট্টগ্রাম ক্যাডেট কলেজের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এই প্রতিষ্ঠান শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি একটি মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান, যেখান থেকে দেশের অসংখ্য কৃতী সন্তান বের হয়েছেন, যারা আজ বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন। আমাদের মধ্যে আছেন মন্ত্রী, ব্যবসায়ী, বিজ্ঞানী, প্রকৌশলী, সামরিক কর্মকর্তা ও নানা পেশার সফল মানুষ। তারা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দেশের উন্নয়নে অবদান রেখে চলেছেন। আমাদের অনেক ভাই-বোন বিদেশেও আছেন। তারাও নিজেদের সামর্থ্য অনুযায়ী দেশের জন্য কাজ করছেন এবং দেশের সুনাম বয়ে আনছেন।

নৌবাহিনীর প্রধান আরো বলেন, দীর্ঘ সময় ধরে আমরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মহান দায়িত্ব পালন করে আসছি। বিশাল সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো জাতীয় দুর্যোগ ও সংকটে আমরা জাতির আহ্বানে সাড়া দিয়ে কাজ করেছি। বিশেষ করে ’২৪ এর জুলাই-আগস্ট থেকে শুরু করে জাতীয় নির্বাচন পর্যন্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা আন্তরিকতা, নিষ্ঠা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

কঠিন সময়ে অনেকের কাছ থেকে মূল্যবান পরামর্শ ও সহযোগিতা পাওয়ার কথা উল্লেখ করে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বর্তমানে দেশে মতপ্রকাশের স্বাধীনতা ও চিন্তার স্বাধীনতা আরও বেশি বিস্তৃত হয়েছে। এটি অবশ্যই একটি ইতিবাচক দিক। তবে একই সঙ্গে আমাদের পারস্পরিক আস্থা, শ্রদ্ধাবোধ ও দায়িত্বশীলতাও বজায় রাখতে হবে। তাহলেই আমরা সবাই মিলে দেশকে আরও এগিয়ে নিতে পারব। চট্টগ্রাম ক্যাডেট কলেজ ক্লাবের উন্নয়ন কর্মকা- নিয়েও আমি আশাবাদী। আমি চাই এই ক্লাব আরও এগিয়ে যাক এবং ভবিষ্যতে আরও গৌরবের সঙ্গে কাজ করুক।

Translate