করোনা আক্রান্ত হয়ে ঢাকায় মারা গেছেন ৮০ বছরের এক প্রবীণ। রোগটি নতুনভাবে সংক্রমণ ছড়াচ্ছে প্রতিদিন। সাধারণত জুলাইয়ে কোভিডের প্রভাব বাড়ে। এবার একটু আগেভাগেই ছড়িয়ে পড়ছে সংক্রমণ। তবে, আতঙ্কিত হওয়ার কিছু নেই। সতর্ক থেকে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। একইসাথে, হালকা উপসর্গ দেখা দিলেই পরীক্ষা করানোর আহ্বান জানিয়েছেন তারা।
ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট এলএফ-সেভেন, এক্সএফজি এবং এনবি ওয়ান এইট ওয়ানের সন্ধান পাওয়া যাচ্ছে প্রতিবেশী ভারতে। গেলো সপ্তাহে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে বেশ কয়েকজন।
বাংলাদেশেও বেড়েছে ওমিক্রনের প্রভাব। সোমবার (২ জুন) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে কোভিডে মারা গেছে একজন। নতুনভাবে ৩ জনের শরীরে শনাক্ত হয়েছে। তবে কি আবারো বাড়ছে করোনা— এমন প্রশ্ন এসেই যায়।
বিশেষজ্ঞরা বলছেন, আবিষ্কৃত কোভিড ভ্যাকসিন স্বল্প মেয়াদে প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে পারে। এক্ষেত্রে, ভ্যাকসিন ও স্বাস্থ্যবিধি মানাই মূল ভরসা।
গেলো কয়েক বছর করোনার আধিপত্য দেখেছে পুরো বিশ্ব। ভয়াবহতা থেকে বাদ যায়নি বাংলাদেশের মানুষও। সরকারি হিসাবেই করোনায় মারা গেছে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ। দ্রুত ভ্যাকসিনেশনে রেহাই মিলেছিলো অনেকটাই। তবে, মাঝেমধ্যে নিজের উপস্থিতি জানান দিচ্ছে কোভিড নাইন্টিনের নিত্য নতুন ভ্যারিয়েন্ট।