ভারতের পাঞ্জাবে আগামী ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর অনুষ্ঠিতব্য এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে অংশ নেবে বাংলাদেশ। আগামী বছর চিলিতে অনুষ্ঠিতব্য অলিম্পিক কোয়ালিফায়ারেও খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ হকি ফেডারেশনের যুগ্ম সম্পাদক আরিফুল হক প্রিন্স।
এশিয়ান গেমসে সপ্তম হওয়া বাংলাদেশ রিজার্ভ দল হিসেবে ছিল। পাকিস্তান টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোয় এফআইএইচের আমন্ত্রণে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। দ্রুতই জাতীয় দলের প্রশিক্ষণ ক্যাম্প শুরুর পরিকল্পনা রয়েছে।
এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন ভারত সরাসরি অলিম্পিকে খেলার সুযোগ পাওয়ায় অলিম্পিক কোয়ালিফায়ারে বাংলাদেশের অংশগ্রহণের পথও তৈরি হয়েছে। এশিয়ান গেমসে সপ্তম হলেও বাংলাদেশ ষষ্ঠ দল হিসেবে বাছাইপর্বে জায়গা পেয়েছে।