এমপিদের গাড়িতে সচিবালয়ে যেতে পারবেন কর্মকর্তা ও চালক

নিরাপত্তা জোরদার করতে সংসদ সদস্যদের (এমপি) ব্যক্তিগত গাড়িতে সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। এখন থেকে তাঁদের সঙ্গে শুধু ব্যক্তিগত কর্মকর্তা ও গাড়িচালক যেতে পারবেন। অন্য কাউকে গাড়িতে করে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

গত ৪ অক্টোবর মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সচিবালয়ের নিরাপত্তাবিষয়ক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সংশ্লিষ্ট সচিব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টদের মতে, এমপিদের গাড়িতে একাধিক ব্যক্তির প্রবেশ এবং তাঁদের পরিচয় ও অনুমোদন যাচাই নিয়ে নিরাপত্তা জটিলতা তৈরি হচ্ছিল। নতুন নির্দেশনায় প্রবেশকারীদের পরিচয় ও অনুমোদন যথাযথভাবে যাচাই করে সচিবালয়ে প্রবেশ নিশ্চিত করার কথা বলা হয়েছে।

Translate