এক দশকেরও বেশি সময়ের মধ্যে পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় সবচেয়ে বড় সামরিক বিমান মোতায়েন করেছে রাশিয়া। পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম দুটি টিইউ-৯৫ বোমারু বিমান বুধবার ভিয়েতনামের দানাং বিমানবন্দরে অবস্থান নেয়। ন্যাটোর কাছে ‘বিয়ার্স’ নামে পরিচিত বিমান দুটির সঙ্গে ছিল দুটি জ্বালানি সরবরাহকারী বিমান।
এর আগে মঙ্গলবার রাশিয়ার সামরিক বিমানগুলোর দক্ষিণমুখী উড্ডয়নে সতর্ক অবস্থান নেয় তাইওয়ান ও জাপানের বিমানবাহিনী।
এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে যোগ দিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চীনে এবং আসিয়ান সম্মেলনে যোগ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিলিপাইনে অবস্থানের মধ্যেই এ সামরিক তৎপরতা দেখা গেল।