রাজধানীর যানজট নিরসনে মেট্রোরেলের পাশাপাশি মনোরেল চালুর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার। একই সঙ্গে আগামী দুই মাসের মধ্যে ঢাকার ৫০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে এআই প্রযুক্তিনির্ভর ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী জানান, রাজধানীর ৫০টি গুরুত্বপূর্ণ স্থানে এআই ক্যামেরাসহ আধুনিক ট্রাফিক সিগন্যাল স্থাপনের কাজ চলছে। এগুলো পুরোপুরি চালু হলে যানজট ও ট্রাফিক আইন লঙ্ঘন নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলে আশা করছে সরকার।
যানজট নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে মেট্রোরেলের অসমাপ্ত রুটগুলোর কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মনোরেল চালুর বিষয়টিও বিবেচনায় রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, মনোরেল তুলনামূলক সরু জায়গা দিয়ে চলাচল করতে পারে। ফলে মোহাম্মদপুর, ধানমন্ডি ও সবুজবাগের মতো ঘনবসতিপূর্ণ এলাকায়ও এই পরিবহনব্যবস্থা চালুর সুযোগ রয়েছে। এটি বাস্তবায়িত হলে নগরবাসীর যাতায়াত আরও সহজ হবে।