চাঁদাবাজির বিরুদ্ধে নতুন আইন হচ্ছে: আইজিপি

চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তিনি বলেন, নতুন আইনে ডিজিটাল প্রমাণ বা অন্য কোনো তথ্যের ভিত্তিতে জনগণের অভিযোগ ছাড়াই চাঁদাবাজদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত (সুয়োমোটো) মামলা করার সুযোগ পাবে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইনসে কমিউনিটি পুলিশিং বিষয়ক সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আইজিপি জানান, প্রভাবশালী ব্যক্তি ও ক্ষমতাসংশ্লিষ্টদের ভয়ে অনেকেই চাঁদাবাজির বিরুদ্ধে অভিযোগ করতে চান না। এ কারণে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নতুন আইন প্রণয়নের প্রস্তাব দিয়েছেন তিনি।

আইজিপি বলেন, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে যৌথ অভিযান চলছে। পুলিশের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনা এবং সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথাও তুলে ধরেন তিনি।

খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর পুলিশি কার্যক্রমে যে স্থবিরতা তৈরি হয়েছিল, সেখান থেকে পুলিশ আবার ঘুরে দাঁড়িয়েছে। তবে সব সমস্যার সমাধান রাতারাতি সম্ভব নয়। মানবিক ও জনবান্ধব পুলিশ গড়ে তোলার পাশাপাশি অপরাধীদের পুনরায় অপরাধে জড়ানো ঠেকাতে নীতিমালা তৈরির কাজ চলছে।

Translate