ফুলটাইম সংগীতশিল্পী নন দেবশ্রী অন্তরা

‘তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা’ গান গেয়ে জনপ্রিয়তা পান দেবশ্রী অন্তরা। শাকিব খানের ‘তুফান’ সিনেমায় ব্যবহৃত গানটির পর নতুন কোনো সিনেমার গানে তাঁকে পাওয়া যায়নি।

অন্তরা জানান, সংগীতের পাশাপাশি সংবাদ পাঠ, চাকরি ও শিক্ষার্থীদের পড়ানোর কাজ করেন তিনি। এসব সামলে গান করেন। এর আগে হাবিবের সঙ্গে ‘প্রেমে পড়া মন’ ও ‘মন বোঝে না’ গানেও কণ্ঠ দিয়েছেন এই শিল্পী।

পূর্ণকালীন সংগীতশিল্পী হতে চান না কেন—এমন প্রশ্নে অন্তরা বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে শিল্পীদের নিয়মিত আয় নিশ্চিত করা কঠিন। আর্থিক চাপ থাকলে মনের মতো গান করা কঠিন হয়ে পড়ে। তাই সংগীতকে ভালোবাসা থেকে করতে চান, আর্থিক চাপ থেকে নয়। তবে সংগীতকে পেশা হিসেবে নেওয়ার বিরোধী নন তিনি; বরং আয় ও শিল্পীসত্তার মধ্যে ভারসাম্য রাখার ওপর গুরুত্ব দেন।

সম্প্রতি অন্তরার ‘হঠাৎ ঝুম’ ও ‘মায়ার বাজার’ শিরোনামে দুটি গান প্রকাশিত হয়েছে। গান দুটি শ্রোতাদের কাছ থেকে সাড়া পাচ্ছে বলে জানান তিনি।

Translate