আগামী ২৩ অক্টোবর থেকে রাজধানীর শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে শুরু হচ্ছে ‘৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ২০২৬’। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের আয়োজনে ছয় দিনব্যাপী এই প্রতিযোগিতা চলবে ২৮ অক্টোবর পর্যন্ত। এতে দেশের ৮৮টি দলের ৬১৬ জন শাটলার অংশ নেবেন, যাঁদের মধ্যে ৮১ জন নারী ও ৫৩৫ জন পুরুষ।
মোট ১০ লাখ টাকা প্রাইজমানির এই টুর্নামেন্টে পুরুষ ও নারী একক, দ্বৈত এবং মিশ্র দ্বৈত বিভাগে পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের জন্য থাকছে একটি ইলেকট্রিক মোটরসাইকেল।
ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় গত আসরের পুরুষ এককের চ্যাম্পিয়ন খন্দকার আবদুস সোয়াদ এবার খেলছেন না। তবে রানারআপ আল আমিন জুমার অংশ নেবেন। নারী এককের বর্তমান চ্যাম্পিয়ন নাসিমা খাতুন ও রানারআপ উর্মি আক্তারসহ শীর্ষ খেলোয়াড়েরা প্রতিযোগিতায় অংশ নেবেন।