প্রেসক্রিপশনের ওষুধ ব্যবহারে নির্ধারিত নিয়ম ভাঙায় অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দলের পেসার মেগান শাটকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, স্পোর্টস সায়েন্স ও স্পোর্টস মেডিসিনের নির্দেশিকা লঙ্ঘন করেছেন ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার। তবে ঘটনাটি প্রতিযোগিতার বাইরে ঘটেছে এবং পারফরম্যান্স বাড়ানোর কোনো উদ্দেশ্য ছিল না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শাস্তি মেনে নিয়ে প্রত্যাশিত মান বজায় রাখতে ব্যর্থ হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন শাট। নিষেধাজ্ঞার কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি এবং নারীদের বিগ ব্যাশ লিগে অ্যাডিলেড স্ট্রাইকার্সের প্রথম ম্যাচে খেলতে পারবেন না তিনি।
অস্ট্রেলিয়ার হয়ে এখন পর্যন্ত ১১৪টি ওয়ানডে ও ১২৬টি টি-টোয়েন্টি খেলেছেন শাট। বাংলাদেশের বিপক্ষে সাম্প্রতিক ওয়ানডে সিরিজে তাঁর পারফরম্যান্সও নজর কেড়েছিল।