মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের ঘটনায় প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগের পর বিএনপির অভ্যন্তরে নানা আলোচনা চলছে। দলের একাংশের ধারণা, পদত্যাগের ফলে আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবেন তিনি। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থেই প্রধানমন্ত্রী তাঁকে পদত্যাগ করতে বলেছেন।
গত ১৭ অক্টোবর পুরান ঢাকার গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের সঙ্গে গিয়ে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করেন ইশরাক। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনা শুরু হয়। পরে ১৯ অক্টোবর তিনি প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান।
ইশরাক নিজেও ঢাকা দক্ষিণের মেয়র নির্বাচনে অংশ নিতে প্রস্তুত বলে জানিয়েছেন। তবে বিএনপির মনোনয়ন কে পাবেন, তা এখনো নিশ্চিত নয়। দলের নেতাদের মতে, ভবিষ্যতে ইশরাকের রাজনৈতিক দায়িত্ব বাড়তে পারে, তবে তাঁর পদত্যাগের পেছনে মেয়র নির্বাচনকেন্দ্রিক কৌশল ছিল কি না, তা নিয়ে ভিন্নমত রয়েছে।