মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের হাতে আগ্নেয়াস্ত্র দেখা যাওয়ার ঘটনায় আইন লঙ্ঘন বা অনিয়ম হয়েছে কি না, তা তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, তদন্তে আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানের সময় অস্ত্র হাতে ইশরাকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। তবে প্রতিমন্ত্রীর দাবি, তার হাতে থাকা আগ্নেয়াস্ত্রটি বৈধ এবং তিনি কাউকে ভয় দেখাননি বা গুলি করেননি।