‘জেলার ২’ ঘিরে রজনীকান্ত ভক্তদের উন্মাদনা

রজনীকান্তের নতুন সিনেমা ‘জেলার ২’ ঘিরে ভারতের চেন্নাইয়ে ভক্তদের মধ্যে উৎসবের আমেজ দেখা গেছে। বিভিন্ন প্রেক্ষাগৃহের বাইরে তার বিশাল পোস্টারে দুধ ঢালা ও ‘থালাইভা’ স্লোগানে উদ্‌যাপনে মেতেছেন ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এসব দৃশ্য দেখা গেছে।

নেলসন দিলীপকুমারের পরিচালনায় সান পিকচার্সের প্রযোজনায় নির্মিত সিনেমাটি ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘জেলার’-এর সিক্যুয়েল। এতে রজনীকান্তের পাশাপাশি রম্যা কৃষ্ণান, এস জে সূর্য, বিদ্যা বালান, মোহনলাল ও মিঠুন চক্রবর্তীসহ অনেকে অভিনয় করেছেন। সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর।

আগের সিনেমাটির বাণিজ্যিক সাফল্যের কারণে সিক্যুয়েলটি ঘিরে দর্শকদের প্রত্যাশা বেড়েছে। একই সময়ে দক্ষিণ ভারতের আরেক সিনেমা বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানার ‘রানাবালি’ মুক্তি পাওয়ার কথা থাকায় বক্স অফিসে প্রতিযোগিতাও বাড়তে পারে।

Translate