সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের অবরোধে প্রায় ২১ ঘণ্টা ধরে নিজ কার্যালয়ে অবরুদ্ধ রয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা দেন শিক্ষার্থীরা। এতে উপাচার্যসহ ভেতরে থাকা কয়েকজন আটকা পড়েন।
দীর্ঘ সময় অবরুদ্ধ থাকার মধ্যে বিশ্ববিদ্যালয়ের দুই সাবেক শিক্ষার্থী প্রকৌশলী শাহরিয়ার ও প্রকৌশলী টিটু সোহান অসুস্থ হয়ে পড়েন। উচ্চ রক্তচাপজনিত জটিলতায় আক্রান্ত তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর মধ্যরাতে হাসপাতালে পাঠানো হয়। উপাচার্য জানিয়েছেন, তিনি সুস্থ আছেন, তবে দীর্ঘ সময় আটকে থাকায় সবাই ক্লান্ত বোধ করছেন।
গত ২১ সেপ্টেম্বর শেখ শরীফুল আলমকে চুয়েটের উপাচার্য নিয়োগ দেওয়া হয়। এর প্রতিবাদে এবং সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে ২২ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীরা ‘শাটডাউন’ কর্মসূচি পালন করছেন। একই দাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মবিরতি পালন করছেন। এতে প্রায় তিন সপ্তাহ ধরে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও অন্যান্য একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে।