বাংলাদেশের স্বাধীনতার ১৬ বছর আগেই ঢাকার জাতীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট অনুষ্ঠিত হয়েছিল। মাত্র সাত সপ্তাহে স্টেডিয়াম নির্মাণের পর ১৯৫৫ সালের ১ জানুয়ারি পাকিস্তান ও ভারত মুখোমুখি হয়। পাকিস্তানের প্রথম হোম টেস্টের ভেন্যু ছিল এই মাঠ।
চার দিনের ম্যাচে প্রথম ইনিংসে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ভারতের সঙ্গে ড্র করে পাকিস্তান। ভারতের এস. আর. গুপ্তা দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নেন। অন্যদিকে ভি এল মানজরেকার ও পি. রায়ের অপরাজিত অর্ধশতকের সুবাদে ম্যাচ বাঁচায় ভারত।
ঢাকার এই স্টেডিয়ামের বিশেষত্ব হলো, এখানে পাকিস্তান ও বাংলাদেশ—দুই দেশই নিজেদের প্রথম হোম টেস্ট খেলেছে, দুবারই প্রতিপক্ষ ছিল ভারত। ১৯৫৫ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান এখানে সাতটি টেস্ট খেলেছে। পরে ২০০০ সালের ১০ নভেম্বর বাংলাদেশের প্রথম টেস্ট আয়োজনের মধ্য দিয়ে মাঠটি দেশের ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় যোগ করে।