শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তার ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম। পূজামণ্ডপে বিশৃঙ্খলা, মাদক, ইভটিজিং, নারী-শিশু হয়রানি ও দুষ্কৃতকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
বুধবার সাভারে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক সভায় তিনি বলেন, প্রতিমা নির্মাণ থেকে বিসর্জন পর্যন্ত প্রতিটি ধাপে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ঝুঁকিপূর্ণ মণ্ডপে বিশেষ নজরদারি, পুলিশ-আনসার ও স্বেচ্ছাসেবকদের সমন্বিত দায়িত্ব এবং প্রয়োজনে গোয়েন্দা তৎপরতা বাড়াতে হবে।
এবার সাভারে ২৩৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। মণ্ডপগুলোতে আইপি ক্যামেরা, অগ্নিনির্বাপক যন্ত্র, পর্যাপ্ত আলো ও নিরাপদ বৈদ্যুতিক সংযোগ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধ, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং মাদক, জুয়া ও অনৈতিক কর্মকাণ্ড বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান। আগামী ১০ অক্টোবর মহালয়া থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।