বগুড়া থেকে নিখোঁজ দুই শিশু মো. রিয়ান (১১) ও মো. রনি (১৩) ঢাকার সোনারগাঁও ক্রসিং এলাকা থেকে উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হওয়ার পর শুক্রবার দুপুরে তাদের উদ্ধার করে পুলিশ।
ট্রাফিক পুলিশের সার্জেন্ট পলাশ কুমার রায় সোনারগাঁও ক্রসিংয়ের পাশে কান্নারত ও ভীত অবস্থায় শিশু দুটিকে দেখতে পান। তারা জানায়, অজ্ঞাত ব্যক্তিরা তাদের চোখ বেঁধে নিয়ে একটি গোডাউনে আটকে রেখেছিল। পরে সেখান থেকে কৌশলে পালিয়ে আসে তারা।
পরিবারের অভিযোগ, শত্রুতার জেরে শিশু দুটিকে অপহরণ করে আটকে রাখা হয়েছিল। এ ঘটনায় রিয়ানের পরিবারের পক্ষ থেকে বগুড়া সদর থানায় দুই প্রতিবেশীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে অভিযোগ দেওয়া হয়েছে। পরে শিশু দুটিকে কলাবাগান থানায় তাদের স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।