আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শুরু করার প্রাথমিক পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। রমজানের আগে তিন ধাপে প্রায় ২ হাজার ইউপি নির্বাচন এবং জুনের মধ্যে সব নির্বাচন শেষ করার লক্ষ্য রয়েছে।
জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, প্রথম ধাপের নির্বাচন জানুয়ারির শুরুতে হলে ৪০ থেকে ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করা হবে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
দেশের ৪ হাজার ৫৮০টি ইউপির মধ্যে প্রায় ৪ হাজার ২৭২টির নির্বাচন আইন অনুযায়ী দ্রুত আয়োজনের প্রয়োজন রয়েছে। ইসি জানিয়েছে, ইউপি নির্বাচন শেষ হলে পর্যায়ক্রমে পৌরসভাসহ স্থানীয় সরকারের অন্যান্য নির্বাচন আয়োজন করা হবে।
এদিকে ইউপি নির্বাচনের আচরণবিধিতে চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার এবং সদস্য প্রার্থীর ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। চেয়ারম্যান ও সদস্য প্রার্থীর সর্বোচ্চ নির্বাচনি ব্যয় যথাক্রমে ১০ লাখ ও ২ লাখ টাকা নির্ধারণ করেছে ইসি।