জাপানে স্থায়ী বসবাসের (পার্মানেন্ট রেসিডেন্স) জন্য বিদেশিদের আবেদন ফি ২০ গুণ বাড়ানো হয়েছে। বুধবার থেকে নতুন নিয়ম কার্যকর হয়ে ফি ১০ হাজার থেকে বেড়ে ২ লাখ ইয়েন হয়েছে।
নতুন নিয়মে আবেদনকারীদের স্থিতিশীল আয়, পেনশন সুবিধা এবং আগামী বছর থেকে জাপানি ভাষায় মৌলিক দক্ষতার শর্তও যুক্ত হয়েছে। আয়-সংক্রান্ত শর্তে জাপানের গড় আয়ের সমান বা তার বেশি স্থিতিশীল আয়ের বিষয়টি বিবেচনা করা হবে।
এ ছাড়া ভিসা ও আবাসনের মেয়াদ পরিবর্তন বা বাড়ানোর ফিও বেড়েছে। নতুন নিয়মে মেয়াদ অনুযায়ী এ ফি ১০ হাজার থেকে সর্বোচ্চ ৭৫ হাজার ইয়েন নির্ধারণ করা হয়েছে। তবে আর্থিক সংকটে থাকা আবেদনকারী ও স্বীকৃত শরণার্থীদের জন্য ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে।
জাপানে বিদেশি বাসিন্দার সংখ্যা বাড়ার পাশাপাশি দেশটিতে শ্রমিক সংকটও রয়েছে। সরকার নতুন ব্যবস্থাকে বিদেশি জনসংখ্যা ব্যবস্থাপনার বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে দেখছে।