২০২৭ সালে বিশ্বব্যাপী আর্থিক সংকট দেখা দিলে স্বর্ণের দাম ২৫ থেকে ৪০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে—বুলগেরিয়ার কথিত ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গার নামে এমন দাবি অনলাইনে ছড়িয়েছে। তবে এ ধরনের নির্দিষ্ট ভবিষ্যদ্বাণীর কোনো প্রামাণ্য নথি পাওয়া যায়নি। গবেষকদের মতে, বাবা ভাঙ্গা নিজের ভবিষ্যদ্বাণীর লিখিত নথি রেখে যাননি।
অনলাইনে ২০২৭ সালে ভারতে প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ১০ হাজার থেকে ২ লাখ ৮২ হাজার রুপি পর্যন্ত হতে পারে বলেও দাবি করা হচ্ছে। তবে এসব হিসাব কোনো আর্থিক প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক পূর্বাভাস নয়।
অন্যদিকে, জেপি মরগ্যান ২০২৭ সালের শেষ নাগাদ স্বর্ণের দাম প্রতি আউন্স ৬ হাজার ৩০০ ডলারে পৌঁছানোর পূর্বাভাস দিয়েছে। ইউবিএসের পূর্বাভাসে ২০২৭ সালের প্রথমার্ধে দাম ৫ হাজার ডলার এবং ডয়চে ব্যাংকের ২০২৬ সালের শেষ প্রান্তিকের পূর্বাভাস ৪ হাজার ৬০০ ডলার প্রতি আউন্স। প্রতিষ্ঠানগুলো ভূরাজনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতি, কেন্দ্রীয় ব্যাংকের নীতি ও বিনিয়োগকারীদের চাহিদাকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখছে।