মেট্রোরেল লাইন-১ ও ৫-এর কাজে ৪৬ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন

ঢাকা মেট্রোরেলের লাইন-১ ও লাইন-৫-এর বিভিন্ন অবকাঠামো নির্মাণে প্রায় ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে আটটি প্রস্তাব নিয়ে সিদ্ধান্ত হয়।

লাইন-১-এর আওতায় বিমানবন্দর থেকে বাড্ডা পর্যন্ত ভূগর্ভস্থ পথ, ট্র্যাক, বিদ্যুৎ, সংকেত ও টেলিযোগাযোগ ব্যবস্থা এবং ডিপো নির্মাণের কাজ রয়েছে। এর মধ্যে বিমানবন্দর অংশের ৫ দশমিক ১৮২ কিলোমিটার ভূগর্ভস্থ পথ নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১১ হাজার ৫৯০ কোটি ৫৮ লাখ টাকা।

লাইন-৫-এর আওতায় হেমায়েতপুর থেকে আমিনবাজার এবং নতুনবাজারের পর থেকে ভাটারা পর্যন্ত মোট ৬ দশমিক ৫০ কিলোমিটার উড়ালপথ ও পাঁচটি স্টেশন নির্মাণ করা হবে। এ প্যাকেজে ব্যয় হবে প্রায় ২ হাজার ৬৭১ কোটি টাকা।

এ ছাড়া লাইন-১ ও লাইন-৫-এর আরও কয়েকটি প্যাকেজের ক্রয় প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে। প্রকল্প দুটি বাস্তবায়ন করছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল), বাংলাদেশ সরকার ও জাইকার যৌথ অর্থায়নে।

Translate