১৭ বছরেই এমএলএসের মাসসেরা কাভান সুলিভান

মাত্র ১৭ বছর বয়সে মেজর লিগ সকারের (এমএলএস) মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ফুটবলার কাভান সুলিভান। সেপ্টেম্বরের সেরা খেলোয়াড় হিসেবে বুধবার ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডারের নাম ঘোষণা করা হয়।

পুরস্কার জয়ের সময় কাভানের বয়স ছিল ১৭ বছর ২ দিন। এর মাধ্যমে এমএলএসের ইতিহাসে সবচেয়ে কম বয়সি মাসসেরা খেলোয়াড় হয়েছেন তিনি। সেপ্টেম্বরে ফিলাডেলফিয়ার পাঁচ ম্যাচের সবকটিতে জয়ে কাভান চার গোল ও পাঁচ অ্যাসিস্ট করে ৯ গোল-অবদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

চলতি মৌসুমে ২৪ ম্যাচে ৭ গোল ও ১২ অ্যাসিস্ট করেছেন কাভান। টানা আট ম্যাচে গোল বা অ্যাসিস্ট করার কৃতিত্বও রয়েছে তার। এমএলএসে তার অভিষেক হয়েছিল মাত্র ১৪ বছর ২৯৩ দিন বয়সে, যা তখন লিগের ইতিহাসে অন্যতম কম বয়সের অভিষেক হিসেবে রেকর্ড গড়ে।

গত মাসে যুক্তরাষ্ট্র জাতীয় দলেও অভিষেক হয়েছে কাভানের। ১৬ বছর ৩৬৩ দিন বয়সে মাঠে নেমে তিনি দেশটির ইতিহাসে চতুর্থ সর্বকনিষ্ঠ জাতীয় দলের খেলোয়াড় হিসেবে অভিষেকের কীর্তি গড়েন।

Translate