মুক্তির অপেক্ষায় দীঘির ‘বিদায়’, কবে আসবে প্রেক্ষাগৃহে?

শিশুশিল্পী হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পেলেও নায়িকা হিসেবে এখনও বড় সাফল্যের দেখা পাননি ঢালিউড অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। ২০২১ সালে নায়িকা হিসেবে অভিষেকের পর থেকে সিনেমায় তার উপস্থিতিও তুলনামূলক কমেছে।

২০২৪ সালের নভেম্বরে ‘৩৬-২৪-৩৬’ মুক্তির পর চলতি বছরের ঈদে ‘জংলি’ সিনেমায় অভিনয় করেন দীঘি। তবে ‘জংলি’তে তার চরিত্রের পরিসর ছিল সীমিত। এ ছাড়া চলতি বছরের শুরুতে একটি ওয়েব সিনেমায় কাজ করলেও সেটি নিয়ে পরবর্তী সময়ে তেমন কোনো খবর পাওয়া যায়নি।

দীঘির নতুন সিনেমা ‘বিদায়’ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। গত বছর দুর্গাপূজায় মুক্তির কথা থাকলেও পরে চলতি বছর ঈদুল আজহা ও দুর্গাপূজায় মুক্তির আলোচনা হয়। তবে প্রযোজক জানিয়েছেন, একটি গানের শুটিং বাকি থাকায় এবারও সিনেমাটি মুক্তি পাচ্ছে না।

প্রযোজকের ভাষ্য অনুযায়ী, বাকি কাজ শেষ করে আগামী বছরের কোনো এক সময়ে ‘বিদায়’ মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে নির্দিষ্ট মুক্তির তারিখ এখনো জানানো হয়নি।

Translate