দীর্ঘদিন ধরে অভিনয় করলেও নতুন সিনেমার শুটিং শুরুর আগে এখনো অজানা ভয় ও উদ্বেগ কাজ করে বলে জানিয়েছেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, শুটিংয়ের আগের রাতে অনেক সময় ঠিকমতো ঘুমাতেও পারেন না।
মিমি বলেন, নতুন সিনেমার প্রথম দিন তিনি সাধারণত একটু আগেই সেটে পৌঁছান। সেখানে গিয়ে সহকর্মী ও পুরো পরিবেশ সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করেন। এতে তার অস্বস্তি ও উদ্বেগ কিছুটা কমে যায় বলে জানান অভিনেত্রী।
নতুন সিনেমায় মিমির সঙ্গে আবারও জুটি বাঁধছেন আবির চট্টোপাধ্যায়। এর আগে ‘রক্তবীজ’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা। দুর্গাপূজায় মুক্তির কথা রয়েছে সৃজিত মুখার্জি পরিচালিত ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ সিনেমাটি, যেখানে মিমি-আবিরকে দেখা যাবে।