বেসরকারি বাণিজ্যিক সৌরবিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ৩৩ কেভিতে প্রতি ইউনিট ৬ টাকা ৯৮ পয়সা এবং ১৩২ কেভিতে ৭ টাকা ১১ পয়সা নির্ধারণ করা হয়েছে। নতুন হার অক্টোবর থেকে কার্যকর হবে।
এ ছাড়া সরকারি সঞ্চালন ও বিতরণ লাইন ব্যবহার করে বড় গ্রাহকের কাছে বিদ্যুৎ সরবরাহের জন্য ‘ওপেন অ্যাকসেস ট্যারিফ’ নির্ধারণ করা হয়েছে। সংযোগের ধরন অনুযায়ী এ মাশুল প্রতি ইউনিট ১ টাকা ২২ পয়সা থেকে ১ টাকা ৯০ দশমিক ৯৭ পয়সা পর্যন্ত হবে।
বিইআরসি জানিয়েছে, বাণিজ্যিক সৌরবিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুতের হিসাব ও বিল নিষ্পত্তির দায়িত্ব পালন করবে পিডিবি। উদ্যোক্তারা উৎপাদনের সর্বোচ্চ ২০ শতাংশ সরকারি বিতরণ সংস্থার কাছে বিক্রি করতে পারবেন এবং বাকি বিদ্যুৎ বড় গ্রাহকদের সরাসরি বিক্রির সুযোগ থাকবে।