শুক্রবার ৫ই জুন, ২০২৬

সিএন্ডএফ এজেন্টদের ট্রেড লাইসেন্স নবায়নে অস্থায়ী বুথ স্থাপনের উদ্যোগ চসিকের

সিএন্ডএফ এজেন্টদের ট্রেড লাইসেন্স নবায়ন কার্যক্রমকে আরও সহজ, দ্রুত ও নির্বিঘ্ন করতে আগ্রাবাদ সিএন্ডএফ কার্যালয়ে একটি অস্থায়ী সেবা বুথ স্থাপনের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

বৃহস্পতিবার (৪ জুন) চট্টগ্রাম কাস্টমস এজেন্টস্ এসোসিয়েশনের নেতৃবৃন্দ চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে এই অনুরোধ জানান।

ব্যবসায়ীদের ভোগান্তি লাঘবে মেয়রের তাৎক্ষণিক সিদ্ধান্তে অতি দ্রুত সময়ের মধ্যে এই বুথ স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

সাক্ষাৎকালে সিএন্ডএফ এসোসিয়েশনের নেতৃবৃন্দ মেয়রের কাছে তুলে ধরেন যে- প্রতি বছর বিপুল সংখ্যক সিএন্ডএফ এজেন্টের ট্রেড লাইসেন্স নবায়ন করতে গিয়ে নানাবিধ প্রাতিষ্ঠানিক আনুষ্ঠানিকতায় সময়ক্ষেপণ হয়। যদি আগ্রাবাদস্থ সিএন্ডএফ ভবনেই চসিকের একটি অস্থায়ী বুথ স্থাপন করা যায়, তবে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে দ্রুততম সময়ে এই সেবা দেওয়া সম্ভব হবে।

ব্যবসায়ী নেতৃবৃন্দের এই যৌক্তিক ও জনবান্ধব অনুরোধে তাৎক্ষণিক সাড়া দেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি উপস্থিত সংশ্লিষ্ট কর্মকর্তাদের জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।

সাক্ষাৎকালে মেয়র ডা. শাহাদাত হোসেন দেশের সামগ্রিক অর্থনীতিতে সিএন্ডএফ এজেন্টদের অবদানের কথা গুরুত্বের সাথে তুলে ধরে বলেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রবেশদ্বার, আর এই প্রবেশদ্বারকে সচল ও প্রাণবন্ত রাখার পেছনে মূল কারিগর হলেন সিএন্ডএফ এজেন্টরা। তারা দিনরাত পরিশ্রম করে রাজস্ব আহরণ ও আমদানি রপ্তানি বাণিজ্যকে গতিশীল রাখছেন। দেশের অর্থনৈতিক চালিকাশক্তি এই ব্যবসায়ী সমাজকে কোনো ধরনের প্রশাসনিক আমলাতান্ত্রিক জটিলতায় ভোগান্তিতে ফেলা যাবে না।

ব্যবসায়ী নেতৃবৃন্দ মেয়রের এই দ্রুত সিদ্ধান্ত ও ব্যবসাবান্ধব সদিচ্ছার ভূয়সী প্রশংসা করেন এবং ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা সারোয়ার কামাল, রাজস্ব কর্মকর্তা সাব্বির রহমান সানি, চট্টগ্রাম কাস্টমস এজেন্টস্ এসোসিয়েশনের বন্দরবিষয়ক সম্পাদক রোকন উদ্দিন মাহমুদ, প্রযুক্তি প্রশিক্ষণ ও আইন বিষয়ক সম্পাদক এস এম ফরিদুল আলম, সহকারী কাস্টম বিষয়ক সম্পাদক মোরশেদুল আলম, নির্বাহী সদস্য মোহাম্মদ সালাউদ্দিন, মাহবুবুর রহমান সাগর প্রমুখ।

Translate