বৃহস্পতিবার ৪ঠা জুন, ২০২৬

চট্টগ্রামে ১২ দেশের ১১০০ রানার নিয়ে দৌড় প্রতিযোগিতা

চট্টগ্রামে বাংলাদেশসহ বিশ্বের ১২টি দেশের প্রায় ১ হাজার ১০০ দৌড়বিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে দেশের অন্যতম জনপ্রিয় ১০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা ‘স্যাম বন্ড-সিআর টেনকে ২০২৬’।

আগামী শুক্রবার নগরের ঐতিহ্যবাহী সিআরবি এলাকার শিরীষতলায় ‘রান দ্য সিটি’ শীর্ষক প্রতিপাদ্যে এ আয়োজন অনুষ্ঠিত হবে।

বুধবার দুপুরে নগরের একটি রেস্তোরাঁয় আয়োজিত ‌‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে আয়োজক সংগঠন চট্টলা রানারসের সহ-প্রতিষ্ঠাতা মুজিবুর রহমান মনি এ তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন স্যামুদা স্পেক-কেম লিমিটেডের চিফ বিজনেস অফিসার বিকাশ কান্তি দাশ, এভারকেয়ার হাসপাতালের করপোরেট হেড রাম প্রসাদ সুশীল এবং হাসপাতালটির প্রতিনিধি রঞ্জন কুমার দাস, পর্বতারোহী ডা. বাবর আলী। চট্টলা রানারসের উপদেষ্টাদের মধ্যে ছিলেন প্রদীপ কুমার দেব, রাজীব ঘোষ, ইনামুল হক ও কাজী আরিফুল ইসলাম।

সংবাদ সম্মেলনে মুজিবুর রহমান মনি বলেন, পঞ্চমবারের মতো এ প্রতিযোগিতার আয়োজন করছে চট্টলা রানারস। চট্টগ্রামের ফুসফুস হিসেবে পরিচিত সিআরবি এলাকা ঘিরেই অনুষ্ঠিত হবে দৌড় প্রতিযোগিতা। বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের রানার এতে অংশ নেবেন। বিভিন্ন বয়সভিত্তিক ক্যাটাগরিতে বিজয়ীদের জন্য নগদ অর্থ ও সম্মাননা পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এবারের আয়োজন করা হয়েছে। শুক্রবার ভোর ৫টা ৪৫ মিনিটে প্রতিযোগিতা শুরু হবে। সকাল ৭টা ২০ মিনিটের মধ্যে দৌড় শেষ হওয়ার কথা রয়েছে।

চট্টলা রানারসের উপদেষ্টা প্রদীপ কুমার দেব বলেন, কেবল প্রতিযোগিতা নয়, সুস্থ জীবনধারা ও নিয়মিত শরীরচর্চার সংস্কৃতি গড়ে তুলতেই এ উদ্যোগ। তরুণদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়ানো এবং আন্তর্জাতিক মানের দৌড় প্রতিযোগিতার পরিবেশ তৈরি করাই আমাদের লক্ষ্য। প্রতি বছরের মতো এবারও সিআরবি এলাকায় উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দেশি-বিদেশি রানারদের অংশগ্রহণে চট্টগ্রাম একদিনের জন্য দৌড়ের নগরীতে পরিণত হবে।

Translate