শনিবার ২৩শে মে, ২০২৬

কর্ণফুলীতে কাভার্ডভ্যানের গোপন চেম্বারে ২৩ হাজার ইয়াবা, যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকা থেকে ২৩ হাজার ৬৬০ পিস ইয়াবাসহ নাজমুল হক (৩৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

গ্রেপ্তার হওয়া নাজমুল হক নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ফাজিলপুর এলাকার মো. বেলাল হোসেনের ছেলে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, কাভার্ডভ্যানে করে কক্সবাজার থেকে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রাম শহরের দিকে আনার তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কর্ণফুলী থানাধীন ফকিরনীরহাট শাহ মোহছেন আউলিয়া (র.) এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়।

বাঁশখালী-আনোয়ারা থেকে চট্টগ্রামমুখী ওই কাভার্ডভ্যানের পেছনে বিশেষ কৌশলে তৈরি লোহার চেম্বার থেকে কালো স্কচটেপে মোড়ানো ২৩ হাজার ৬৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লাখ ৯৮ হাজার টাকা। পরে ইয়াবা ও জব্দ করা কাভার্ড ভ্যানসহ গ্রেপ্তার ব্যক্তিকে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।

Translate