রমনা বিভাগের ডিসি মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার এসপি হিসেবে বদলিসহ ১২ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আলাদা দুটি প্রজ্ঞাপনে মোট ৩৯ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁনকে এপিবিএনের পুলিশ সুপার, ডিএমপির উপপুলিশ কমিশনার মাসুদ আলমকে চট্টগ্রামের পুলিশ সুপার করা হয়েছে। মাসুদ আলম বিসিএস পুলিশের ২৮তম ব্যাচের কর্মকর্তা । তার বাড়ি বগুড়া জেলায়। রমনা বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব পালনকালে নানা কারণে আলোচনায় আসেন তিনি। কর্মদক্ষতার জন্য সুনামও অর্জন করেন এই পুলিশ কর্মকর্তা।
বিশেষ করে ৫ আগস্ট পরবর্তী সময়ে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা যমুনা, সচিবালয়, হাইকোর্ট ও টিএসসি এলাকায় বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে হওয়া আন্দোলন নিয়ন্ত্রণে তার ভূমিকা প্রশংসিত হয়। রমনা বিভাগের ডিসি হিসেবে যোগদানের আগে পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন মাসুদ আলম। এছাড়া র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৬) ঝিনাইদহ ক্যাম্পেও কর্মরত ছিলেন তিনি। মাসুদ আলম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা সম্পন্ন করেছেন।