ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো আবারও নিশ্চিত করেছেন, ইরান এ বছরের বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে তাদের ম্যাচ নির্ধারিত সময়সূচি অনুযায়ীই খেলবে। বৃহস্পতিবার ভ্যাংকুভারে ফিফা কংগ্রেসের শুরুতে তিনি এই কথা বলেছেন।ইনফান্তিনো বলেছেন, ‘শুরুতেই আমি নিশ্চিত করতে চাই যে ইরান অবশ্যই ফিফা বিশ্বকাপে অংশ নেবে। এবং অবশ্যই ইরান যুক্তরাষ্ট্রে খেলবে।’
ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হলে ইরানের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। ইরানের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের বদলে মেক্সিকোতে গ্রুপ ম্যাচ সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু ইনফান্তিনো সেই প্রস্তাব আগেই নাকচ করে দিয়েছেন।
গত সপ্তাহে এক নতুন মোড় তৈরি হয়। ইতালিতে জন্ম নেওয়া মার্কিন বিশেষ দূত পাওলো জাম্পোলি ইরানের জায়গায় ইতালিকে বিশ্বকাপে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন বলে জানা যায়। তবে পরে মার্কিন সরকার সেই প্রস্তাব থেকে দূরত্ব বজায় রাখে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানি ফুটবলারদের স্বাগত জানানো হবে।
এদিকে ভ্যাংকুভারে ফিফা কংগ্রেসে ২১১টি সদস্য দেশের মধ্যে শুধু ইরান অনুপস্থিত ছিল। এই সপ্তাহের শুরুতে কানাডার সীমান্ত কর্মকর্তাদের সঙ্গে বিরোধের পর এই পরিস্থিতি তৈরি হয়।
ইরানি ফুটবল ফেডারেশনের (এফএফআইআরআই) কর্মকর্তারা টরন্টোতে নামার পরই কানাডা ছেড়ে চলে যান। ভ্যাংকুভারে যাওয়ার পরিকল্পনা তারা বাতিল করে দেন। ইরানি গণমাধ্যম জানিয়েছে, এফএফআইআরআই সভাপতি মেহেদি তাজ ও তার দুই সহকর্মী কানাডার অভিবাসন কর্মকর্তাদের কাছে ‘অপমানিত’ হওয়ার পর দেশে ফিরে যান। তাজ তেহরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোরের (আইআরজিসি) সাবেক সদস্য। কানাডা ২০২৪ সালে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে।
বিশ্বকাপে ইরান অ্যারিজোনার টুসনে ঘাঁটি গাড়বে। গ্রুপ জি-তে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিশর। ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরান।