খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সচিবালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় প্রাণকেন্দ্র সচিবালয়ে মসজিদে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) সচিবালয়ে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী সংযুক্ত পরিষদের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো.এহছানুল হক, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এবং পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সচিব আব্দুল খালেক।

এ সময় বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো. নূরুল ইসলাম ও মহাসচিব মো. মোজাহিদুল ইসলাম সেলিমসহ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আলোচনায় সভায় বক্তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য কর্মজীবন, তার আপোসহীন নেতৃত্ব ও রাজনৈতিক কর্মকান্ডের বিভিন্ন দিক তুলে ধরা হয়। দেশে গণতন্ত্রের বিকাশ ও অর্থনৈতিক উন্নয়নে বেগম জিয়ার ভূমিকা তুলে ধরেন। আলোচনাসভা শেষে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করে সচিবালয় মসজিদের প্রধান ঈমাম।  

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সচিব আব্দুল খালেক বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন শুধু একজন রাজনৈতিক নেত্রী নন তিনি ইতিহাস, তিনি মহাকাল, তিনি একজন জীবন্ত কিংবদন্তি। প্রতিটি বাঙালি নারীর প্রেরণা, শক্তি ও সাহসের প্রতীক। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বর্তমান সরকারকে সব ধরনের সহযোগিতা করার জন্য আমাদের নির্দেশনা দিয়েছিলেন। আমরা আমাদের নেত্রীর নির্দেশনা পালন করছি। বিএনপি ক্ষমতায় না থাকা সত্ত্বেও আন্তর্জাতিক শক্তিগুলোর তৎপরতা প্রমাণ করে বেগম খালেদা জিয়া ও তার পরিবার কতটা বহুমাত্রিক রাজনৈতিক গুরুত্ব বহন করে।

তিনি বলেন, ফ্যাসিবাদের পতনের পর ৭ আগস্ট জাতির উদ্দেশে তার ভিডিও বার্তায় একটি উসকানিমূলক শব্দও ছিল না। প্রতিশোধ নয় তিনি শান্তি, আইন ও ন্যায়বিচারের কথা বলেছেন। এটাই তার অন্তর্ভুক্তিমূলক রাজনীতির প্রমাণ। যুগে যুগে বেগম খালেদা জিয়ার মতো মানুষ জন্মান না। শতাব্দীতে হয়তো একজন জন্মান। আমরা যদি তার চরিত্রের সামান্য অংশও নিজেদের জীবনে ধারণ করতে পারি, তবেই এ স্মরণসভা সার্থক হবে।

Translate