রাজধানীর মিরপুর ১০ থেকে ১৪ নম্বর পর্যন্ত সড়ক ও ফুটপাত হকারমুক্ত হওয়ায় বদলে গেছে এলাকার চিরচেনা চিত্র। আগে ফুটপাত দখল, যানজট ও হকারদের কোলাহলে অতিষ্ঠ মানুষ এখন স্বস্তিতে চলাচল করতে পারছেন। শুক্রবার (৯ অক্টোবর) সরেজমিনে এমন দৃশ্য দেখা গেছে।
বিশেষ করে মিরপুর ১০ গোলচত্বর ও হোপ স্কুলের আশপাশের সড়কে ফুটপাতের দোকান না থাকায় রাস্তা প্রশস্ত হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, আগে হকার ও অটোরিকশার কারণে চলাচল কঠিন ছিল। এখন শিক্ষার্থীসহ পথচারীরা সহজে হাঁটতে পারছেন এবং যানজটও কমেছে। তাঁরা এই অবস্থা স্থায়ী রাখার দাবি জানিয়েছেন।
গত ৩০ সেপ্টেম্বর মিরপুর ১০-এ হকার উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, শর্টসার্কিট থেকে আগুনে কয়েকটি দোকান পুড়ে যাওয়ার পর পরিস্থিতির অবনতি হয়। এ সময় সিটি করপোরেশনের গাড়িতে আগুন ও একটি এক্সকাভেটর ভাঙচুরের ঘটনাও ঘটে। সংঘর্ষে সাংবাদিক, পুলিশ, সিটি করপোরেশনের কর্মী ও ব্যবসায়ীসহ অনেকে আহত হন।